সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, খুলবে বিকেলে

১৬ আগষ্ট, ২০২৩ ১০:২০  

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা। এনআইডি সার্ভার বন্ধ থাকায় অনেক ব্যাংক ও সেবা প্রতিষ্ঠানেও বন্ধ রয়েছে সংশ্লিষ্ট সেবা প্রদান।

রক্ষণাবেক্ষণের কিছু কাজের জন্য এটা সাময়িকভাবে পরিষেবাটি বন্ধ থাকার কথা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানিয়েছেন, সাইবার হামলার ঝুঁকি এসেসমেন্ট করতে একটি কারিগরি দল এনআইডি সার্ভারে কাজ করছে। এজন্য আপাতত সার্ভার বন্ধ আছে। বিকেলের মধ্যে পুনরায় চালু করা হবে ।

সূত্রমতে, সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ইসির সার্ভারগুলো বন্ধ করে দেয়া হয়। ফলে মঙ্গলবার (১৫ আগস্ট) সার্ভার ও তথ্যভান্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধু কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন।

জানাগেছে, এদিকে ভারতীয় হ্যাকারদের সাইবার আক্রমণে দেশে ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, আইসিবি এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস, ডিজিএইচএস। সে হামলা থেকে বাঁচতে বন্ধ করে দেয়া হয়েছে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সার্ভার।

সাইবার হামলায় প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীদের তথ্য থাকায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, আইসিবি'র ওয়েবসাইট হ্যাকিং উল্লেখযোগ্যভাবে বড়। এতে সরকারি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের নাম, ঠিকানা ও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আর ডিজিএইচএস এর ফাঁস হওয়া তথ্যে সরকারি হাসপাতাল থেকে রাজস্ব সংগ্রহের পরিসংখ্যান অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডের ডেটা দখল করেছে তারা। হ্যাকাররা, ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করে।